নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২,৭৮৯টি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ৩২.৮৮ শতাংশ হয়েছে। তিনি জানান, সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এই নির্বাচনে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭,৪৮২টি ভোটকক্ষ ব্যবহার করা হচ্ছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ২,০২৮ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। এছাড়া ৮৩ জন নারী প্রার্থী রয়েছে, যার মধ্যে দলীয় প্রার্থী ৬৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২০ জন।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১,২৩২ জন।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হওয়ায় এই আসনটি বাদে বাকি ২৯৯টি আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন ভোট গ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে পর্যাপ্ত কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে।
































