ঘরে বসেই নিজের ফোনে জানতে পারবেন ভোটের ফলাফল

ঘরে বসেই নিজের ফোনে জানতে পারবেন ভোটের ফলাফল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটের ফলাফল দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি চালু করেছে ‘Smart Election Management BD’ নামের একটি আধুনিক মোবাইল অ্যাপ।

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই রিয়েল টাইমে ভোটের ফলাফল দেখতে পারবেন, পাশাপাশি নির্বাচনী বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন।

অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই অ্যাপটি ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করলে অ্যাপটি পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড ও ইনস্টল করলেই ব্যবহার শুরু করা সম্ভব।

ভোটের সামগ্রিক ফলাফল দেখার জন্য সাধারণত কোনো লগইনের প্রয়োজন নেই। তবে যারা নিজেদের ভোটার সংক্রান্ত ব্যক্তিগত তথ্য কিংবা ইভিএম–সম্পর্কিত বিস্তারিত জানতে চান, তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার আইডি ব্যবহার করে লগইন করতে হবে। লগইন করলে ভোটার স্ট্যাটাস, ভোটের রেকর্ড এবং নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

ভোটের ফলাফল দেখতে হলে অ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘Election Results’ বা ‘Voting Results’ অপশনে প্রবেশ করে প্রথমে নির্বাচনের ধরন নির্বাচন করতে হবে। এরপর জেলা, উপজেলা বা ওয়ার্ড বেছে নিলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল দেখা যাবে। প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য সরাসরি অ্যাপে আপলোড করা হবে।

অ্যাপে প্রার্থী কিংবা দলভিত্তিক ভোটের সংখ্যা, মোট ভোটের অংশ এবং শতকরা হিসাব বিস্তারিতভাবে দেখানো হবে। ফলাফল আরও সহজে বোঝার জন্য গ্রাফ ও চার্টের মাধ্যমে উপস্থাপন করা হবে। লাইভ আপডেটের মাধ্যমে ভোট গণনার ধাপে ধাপে অগ্রগতিও অনুসরণ করা যাবে।

নির্বাচন কমিশনের এই নতুন উদ্যোগ ভোটারদের জন্য নির্বাচনী তথ্যকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে ভোটের ফলাফল জানতে আর দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হবে না—সব তথ্য মিলবে এক ক্লিকেই।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement