মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩২, ৩১ আগস্ট ২০২৬

মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

ডেথ রেফারেন্স ও আসামির করা আপিলের শুনানি শেষে সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে ২০২৫ সালের ১৭ মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে মামলার বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়। পরে ট্রাইব্যুনালের নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।

যেভাবে ঘটেছিল ঘটনা
২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় আট বছরের শিশুটি।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়।

মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স শুনতে বিশেষ বেঞ্চ
দেশে নারী ও শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০২৬ সালের ১০ জুন বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও সংশ্লিষ্ট আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করেন।

শেয়ার করুনঃ
Advertisement