তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবিতে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবিতে নাহিদ ইসলামকে আইনি নোটিশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫২, ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নোটিশদাতা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই।’

নোটিশদাতা দাবি করেন, নাহিদ ইসলামের এ বক্তব্য অমার্জনীয় এবং রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে করা অবাস্তব ও কাল্পনিক মন্তব্য। তাঁর মতে, এমন বক্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে অপরিপক্ব ও প্রজ্ঞাহীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেছেন।

নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য জাতি প্রত্যাশা করে না। এ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement