পছন্দের শিক্ষার্থীকে সুবিধা দেওয়ার অভিযোগ, রাবি শিক্ষককে ৫ বছরের অব্যাহতি ও পদাবনতি
Published : ১২:২৪, ১৭ আগস্ট ২০২৬
অযোগ্যতা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও পছন্দের শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি (ডিমোশন) করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেজিস্ট্রার বলেন, অভিযোগের ভিত্তিতে ড. সুজন সেনকে পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সহযোগী অধ্যাপক পদ থেকে তাকে সহকারী অধ্যাপক পদে নামিয়ে দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী পাঁচ বছর পর তিনি সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বে যোগ দেওয়ার যোগ্য হবেন। এরপর আরও চার বছর পর সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে তাকে মোট নয় বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ বছর তিনি কোনো ইনক্রিমেন্টও পাবেন না।
এর আগে অযোগ্যতা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গত বছরের ২৫ আগস্ট ড. সুজন সেনকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও বিভাগের সভাপতির কাছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণসহ প্রায় ২০০ পৃষ্ঠার লিখিত অভিযোগ জমা দেন তারা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত জরুরি সভায় ড. সুজন সেনকে বিভাগের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ তদন্তে ১৮ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটির প্রতিবেদনে ড. সুজন সেনের আচরণকে নৈতিক স্খলন হিসেবে উল্লেখ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩-এর ৫৫(৩) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২ এবং ড. সুজন সেনের মনোনীত একজন প্রতিনিধি সদস্য হিসেবে ছিলেন।
গত ৯ মার্চ অনুষ্ঠিত রাবির ৫৩৭তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ৫৪৮তম সিন্ডিকেট সভায় ড. সুজন সেনকে পাঁচ বছরের জন্য সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি এবং সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমনের সিদ্ধান্ত নেওয়া হয়।



































