​​​​​​​টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে UNITAR-এর সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

​​​​​​​টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে UNITAR-এর সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৩৬, ২৪ নভেম্বর ২০২৬

টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে সহযোগিতার লক্ষ্যে ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ,ইউনিটার (UNITAR) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার ড্যাফোডিল প্লাজায় আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর ওয়েলকাম রিসেপশন অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং ভবিষ্যৎ কর্মদক্ষতা উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

সমঝোতা স্মারক অনুযায়ী, জাতিসংঘের ২০৩০ এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে সহযোগিতা করা হবে। পাশাপাশি ইউনিটার ও ইউনেস্কো -এর যৌথ উদ্যোগে পরিচালিত নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি লিপ ফাস্ট-এর মাধ্যমে হোল-ইনস্টিটিউশন অ্যাপ্রোচ বাস্তবায়নেও কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এ সমঝোতা স্মারকটি তিন বছরের জন্য কার্যকর থাকবে এবং এটি একটি নন-এক্সক্লুসিভ  সহযোগিতা কাঠামো হিসেবে পরিচালিত হবে।

সমঝোতা স্মারকে ইউনিটার-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং CIFAL Global Network-এর ব্যবস্থাপনা পরিচালক মি. আলেকজান্ডার এ. মেজিয়া। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির।

এ সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ড্যাফোডিল স্মার্ট সিটিতে ইউনিটার-এর CIFAL Global Network-এর আওতায় দক্ষিণ এশিয়ার জন্য একটি আঞ্চলিক CIFAL Centre প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করা। কেন্দ্রটি প্রতিষ্ঠিত হলে দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন, প্রশিক্ষণ, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরির সুযোগ সৃষ্টি হবে।

সমঝোতা স্মারকের সঙ্গে ডিসেম্বর ২০২৬ থেকে নভেম্বর ২০২৭ পর্যন্ত সময়ের জন্য একটি প্রাথমিক যৌথ কর্মপরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করা, যৌথ কার্যক্রমের পরিকল্পনা এবং বাস্তবায়নের প্রাথমিক ধাপ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০২৬ সালে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপন করছে। এ উদযাপনের অংশ হিসেবে ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকায় আয়োজন করছে আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬। ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এনেবল্ড ফিউচার ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্ব ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের অংশ হিসেবে ইউনিটার-এর সঙ্গে এ সমঝোতা স্মারক স্বাক্ষর ডিআইইউর আন্তর্জাতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন ও গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।

শেয়ার করুনঃ
Advertisement