ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, সন্দেহে ৬ জনকে পুলিশের হাতে দিল শিক্ষার্থীরা
Published : ১৫:৫২, ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন হিসেবে আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মোহাম্মদ মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) ও শিখন হোসেন (১৭) নামের ছয়জনকে আটক করেন শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটন করবে। তবে আটক ব্যক্তিদের কাছ থেকে আর কোনো কিছু উদ্ধার করা যায়নি।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছেন। তাঁদের মধ্যে শিখন নামে একজনকে আগে বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে আগের একটি ঘটনায় ব্যবস্থাও নেওয়া হয়েছিল। বর্তমান ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানান উপাধ্যক্ষ।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শুক্রবার রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনার পর হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত দল কাজ করছে।


































