ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দিনব্যাপী আয়োজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দিনব্যাপী আয়োজন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিনিধি

Published : ১০:১৯, ২২ নভেম্বর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার (২২ নভেম্বর)। ১৯৭৯ সালের এই দিনে কুষ্টিয়া-ঝিনাইদহের শান্তিডাঙ্গা-দুলালপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি, কেক কাটা এবং বিশেষ দোয়া। শনিবার উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের সমবেত হওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। একই সময়ে আবাসিক হলগুলোতে জাতীয় ও হলের পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১০টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে প্রশাসন ভবনে কেক কাটা হবে। এ ছাড়া জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, উপাচার্যের বাসভবন, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সাজানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা আঁকা এবং রঙিন পতাকা দিয়ে সাজসজ্জা করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, তা পূরণে বর্তমান প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। এ কার্যক্রম অব্যাহত রাখতে পারলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপ-উপাচার্য।

শেয়ার করুনঃ
Advertisement