আজ প্রকাশ হচ্ছে এইচএসসি পুনর্নিরীক্ষার ফল, জানা যাবে বিকেল ৩টায়

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি পুনর্নিরীক্ষার ফল, জানা যাবে বিকেল ৩টায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৬, ২৩ নভেম্বর ২০২৬

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। বিকেল ৩টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে ফল দেখা যাবে।

রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি সমন্বিত ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও পুনর্নিরীক্ষার ফল পাওয়া যাবে। এ জন্য শিক্ষার্থীদের eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এ ছাড়া পুনর্নিরীক্ষার জন্য আবেদন করার সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

শেয়ার করুনঃ
Advertisement