নিজ ফ্ল্যাটে খুন হলেন জনপ্রিয় অভিনেত্রী

নিজ ফ্ল্যাটে খুন হলেন জনপ্রিয় অভিনেত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩১, ৩১ জানুয়ারি ২০২৬

সিরিয়ার পরিচিত ও প্রবীণ অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হুদা শারাউইয়ের নিজ ফ্ল্যাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ধারণা করা হচ্ছে, তিনি ওই দিন ভোরের দিকে, আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে খুন হন। এই খবর নিশ্চিত করেছে দ্য নিউ আরব।

সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতানের তথ্য অনুযায়ী, অভিনেত্রীর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ডের ধারাভাষ্য বহন করছে। এই ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার গৃহকর্মীকে।

মৃত্যুর পর থেকে ওই গৃহকর্মী পলাতক রয়েছেন। ঘটনা ঘটার পরপরই সিরিয়ার নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করে এবং হত্যার প্রকৃত কারণ নির্ধারণে কাজ করছে।

১৯৩৮ সালে জন্ম নেওয়া হুদা শারাউই মাত্র নয় বছর বয়স থেকেই শোবিজে যুক্ত হন। সিরিয়ার রেডিও প্রোগ্রাম, বিশেষ করে ‘দ্য রুল অফ জাস্টিস’-এ অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’।

ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করা হুদা শারাউই ছোট পর্দার অভিনেত্রী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি দুইবার সিরীয় শিল্পী সমিতির সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন, যা তার অভিনয় জীবনের উজ্জ্বলতা প্রমাণ করে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement