টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Published : ২০:০৬, ২৭ জুন ২০২৬
তৃতীয় বর্ষপূর্তি উদযাপনকে সামনে রেখে টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন (TMAA) সংগঠনের নীতিনির্ধারক, উপদেষ্টা ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সুপারস্টারে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমাম হোসেন ইমন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ব্রডকাস্ট কমিউনিটি (এবিসি)-এর প্রেসিডেন্ট চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী, এনবিএর সেক্রেটারি রাইসুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আশিক তমাল। এ সময় সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ টেলিভিশন মেকআপ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিপুলসংখ্যক সদস্য সভায় অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, টেলিভিশন শিল্পের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে মেকআপ শিল্পীদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সদস্যদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয় এবং সেগুলো সফলভাবে বাস্তবায়নে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়। শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


































