বাগদান ও আইনি বিয়ে সম্পন্ন মিমি চক্রবর্তীর, ৫ ডিসেম্বর সামাজিক বিয়ে
Published : ১৩:৩৮, ২৮ নভেম্বর ২০২৬
বাগদান ও আইনি বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিয়ের প্রথম আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বিশেষ মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আগামী ৫ ডিসেম্বর সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে এই জুটির।
হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিমির হবু স্বামী সিদ্ধার্থ দত্তের এটি দ্বিতীয় বিয়ে হলেও অভিনেত্রীর প্রথম বিয়ে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি কাছের বান্ধবী আঁখি নাথকে বিয়ে করেছিলেন পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও আঁখির বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাঙালি রীতিতে বিয়ের বিভিন্ন মুহূর্তের পাশাপাশি সমুদ্রতীরে প্রেম নিবেদন থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার নানা দৃশ্য দেখা গেছে। সেখানে আঁখিকে বলতে শোনা যায়, বিয়ের সংজ্ঞা তার কাছে স্পষ্ট নয়। তবে কাছের বন্ধুর সঙ্গে বেশি সময় কাটানো এবং প্রিয়জনদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নেওয়াই তার কাছে গুরুত্বপূর্ণ। আঁখি একটি বুটিক পরিচালনা করেন এবং ব্রাইডাল কালেকশন নিয়ে কাজ করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সিদ্ধার্থর বোনের বান্ধবী হিসেবে মিমির সঙ্গে তার পরিচয়। সেখান থেকেই দুজনের ঘনিষ্ঠতা তৈরি হয়।
বিয়ের আয়োজনের সূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর কালিম্পংয়ে প্রাক্-বিয়ের অনুষ্ঠান শুরু হবে। ৫ ডিসেম্বর সামাজিক বিয়ের পর ১১ ডিসেম্বর কলকাতায় সহকর্মী ও বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করা হয়েছে।
মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেবর বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত জীবন এত দিন আড়ালে রাখলেও বাগদান ও আইনি বিয়ের মধ্য দিয়ে নতুন জীবনের শুরু করলেন মিমি।

































