শাকিবের সঙ্গে আর বিতর্ক চান না মিষ্টি জান্নাত

শাকিবের সঙ্গে আর বিতর্ক চান না মিষ্টি জান্নাত ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৯:০৩, ২৫ নভেম্বর ২০২৬

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে আর কোনো বিতর্কে জড়াতে চান না চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাকিবের সঙ্গে নিজের সম্পর্ক ভালো ও বন্ধুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেছেন, অতীতে শাকিবকে নিয়ে কিছু মন্তব্যের পেছনে তাঁর ব্যক্তিগত অভিমান কাজ করেছিল। এখন আর তাঁকে নিয়ে আলোচনায় আসারও কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে অংশ নেন মিষ্টি জান্নাত। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খানকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

মিষ্টি বলেন, ‘শাকিব আমাকে বলেছে, তুমি আমার নামে এরকম উদ্ভট কিছু বলো না। আমি চাই না তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক। কারণ আমাদের খুবই ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব। ওই সময় তার ওপর আমার একটু রাগ ছিল। সে কারণেই অনেক কিছু বলে ফেলেছি।’

শাকিবকে নিয়ে কথা বলে আলোচনায় আসার কোনো আগ্রহ নেই জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি শাকিব খানকে কেন বিক্রি করব? আপনারা হয়তো শাকিবের সঙ্গে আমাকে দেখতে ভালোবাসেন। দর্শকও আমার সঙ্গে শাকিবকে দেখতে ভালোবাসে। আর না করার কী আছে? একটা কিছু না হলে নিশ্চয়ই আমাকে বাসায় দাওয়াত দিতেন না, তার মা আমার জন্য খাবার রান্না করতেন না। তিনি আমার সঙ্গে ফ্লাইটে আসতেন না, হাত ধরে ছবি তোলা হতো না। সবকিছুই তো মিথ্যা নয়।’

শাকিব খানের ব্যক্তিত্বের প্রশংসা করে মিষ্টি আরও বলেন, তিনি মানুষকে সম্মান করতে জানেন। তাঁর কাছ থেকে মানুষের সামনে অন্যের সমালোচনা না করা এবং সবার সঙ্গে সৌজন্য বজায় রাখার শিক্ষা পেয়েছেন। দীর্ঘ সময় ধরে নিজের তারকাখ্যাতি ধরে রাখাও কঠিন বলে মন্তব্য করেন তিনি।

ক্যারিয়ারের কঠিন সময়ে শাকিবের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথাও জানান মিষ্টি। তাঁর ভাষ্য, একসময় সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তখন শাকিব খানের ক্যারিয়ারের একটি কঠিন সময়ের কথা মনে পড়ে তাঁর। সে সময় নতুন করে শুরু করার প্রত্যয় জানিয়েছিলেন শাকিব। সেই ঘটনা থেকেই অনুপ্রেরণা নিয়ে মিষ্টি বুঝেছেন, মাঝপথে থেমে না গিয়ে আবারও শুরু করা সম্ভব।

বিয়ে ও সন্তান নিয়ে প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী। এ ধরনের পরিস্থিতিতে কান্নাকাটি করার মানুষ তিনি নন বলে জানান। বিয়ে বা সন্তান নিয়ে কোনো ধরনের গুঞ্জনেও আগ্রহী নন তিনি।

নিজের বর্তমান শারীরিক গঠন নিয়ে রসিকতা করে মিষ্টি বলেন, তাঁকে দেখে বিবাহিত মনে হচ্ছে কি না, তা সাংবাদিকদেরই বিচার করতে হবে।

উল্লেখ্য, গত সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মিষ্টি জান্নাত। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় আছেন।

শেয়ার করুনঃ
Advertisement