শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগে ভাসছেন দর্শক

শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগে ভাসছেন দর্শক ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৬:৪৫, ২৮ নভেম্বর ২০২৬

কাজল আরেফিন অমি নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের পর্দা নেমেছে। দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি, আড্ডা ও আবেগের সঙ্গী হয়ে থাকা সিরিজটির শেষ ছয়টি পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয়েছে এর দীর্ঘ যাত্রা।

শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হয় ১৪০ পর্বের এই সিজনের শেষ ছয়টি পর্ব। শেষ পর্ব প্রচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। অনেকেই লিখছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হয়ে গেছে—এ কথা যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁরা।

সিরিজটির প্রিয় চরিত্র ও স্মরণীয় মুহূর্ত নিয়ে স্মৃতিচারণ করছেন অনেকে। আবার কেউ কেউ আরও একটি সিজনের প্রত্যাশা জানাচ্ছেন। দর্শকদের আলোচনায় বারবার উঠে আসছে কাবিলা, পাশা, হাবু, আরেফিন ও নেহালসহ জনপ্রিয় চরিত্রগুলোর নাম।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘ব্যাচেলর পয়েন্ট’ সময়ের সঙ্গে শুধু একটি ধারাবাহিক নাটকেই সীমাবদ্ধ থাকেনি। তরুণ প্রজন্মের দর্শকদের কাছে এটি হয়ে উঠেছিল বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। নাটকটির বিভিন্ন চরিত্রের সংলাপ, হাস্যরস ও ঘটনা জায়গা করে নিয়েছে দর্শকদের দৈনন্দিন আড্ডা ও বাস্তব জীবনেও।

পঞ্চম সিজনের শেষ ছয় পর্ব প্রচারের মধ্য দিয়ে আপাতত শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া বলছে, পর্দা থেকে বিদায় নিলেও সিরিজটির জনপ্রিয় চরিত্রগুলো সহজে তাঁদের স্মৃতি থেকে মুছে যাবে না।

শেয়ার করুনঃ
Advertisement