পুয়ের্তো রিকোর জেনিফারের মাথায় মিস ইউনিভার্সের মুকুট

পুয়ের্তো রিকোর জেনিফারের মাথায় মিস ইউনিভার্সের মুকুট ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৭:৪৯, ২৫ নভেম্বর ২০২৬

ভোট কারচুপির অভিযোগ, ভিসা জটিলতা ও আয়োজকদের সঙ্গে ব্যবসায়িক বিরোধের নানা বিতর্ক পেরিয়ে অনুষ্ঠিত হলো মিস ইউনিভার্সের ৭৫তম আসর। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের মুকুট জিতেছেন স্বাগতিক পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী জেনিফার বারেটো। প্রতিযোগিতার নিয়ম পরিবর্তনের পর প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই খেতাব জিতে ইতিহাস গড়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে শেষ হয় জমকালো আয়োজনটি। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন পাঁচজন।

প্রশ্নোত্তর পর্ব, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের যোগ্যতা তুলে ধরেন চূড়ান্ত প্রতিযোগীরা। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন স্বাগতিক দেশের জেনিফার বারেটো। নিজের দেশের মাটিতে এই মুকুট জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

প্রশ্নোত্তর পর্বে নজর কেড়েছেন ফিলিপাইনের বিয়াও। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায়—এমন প্রশ্নের উত্তরে তিনি নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।

পুয়ের্তো রিকোর হয়ে এর আগে ২০০৬ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন জুলেইকা রিভেরা। সব মিলিয়ে ষষ্ঠবারের মতো এই খেতাব জিতল দেশটি।

শিক্ষা ও পেশায়ও এগিয়ে জেনিফার

সৌন্দর্য প্রতিযোগিতার বাইরেও শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতায় পরিচিতি রয়েছে জেনিফারের। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেনাবাহিনী শাখায় প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন তিনি।

২০২১ সাল থেকে সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের সঙ্গে কাজ করছেন জেনিফার। পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ক্ষতিকর আচরণ প্রতিরোধ, সচেতনতা তৈরি এবং মানুষের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ গড়ে তোলাই তাঁর কাজের অন্যতম লক্ষ্য।

সমাজসেবায়ও সক্রিয়

পেশাগত দায়িত্বের পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ান জেনিফার। পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবী হিসেবে শিশুদের ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করেন তিনি। এ ছাড়া এই রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সহায়তা দেন।

অবসর সময়ে বই পড়া ও ভলিবল খেলা তাঁর পছন্দ। পুয়ের্তো রিকোর বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন তিনি। জেনিফারের কাছে সৌন্দর্য প্রতিযোগিতা শুধু ব্যক্তিগত পরিচিতি বা সাফল্য অর্জনের মঞ্চ নয়; বরং মানুষের কাছে পৌঁছানো এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগ।

নেতৃত্বে সহমর্মিতা, এআই ব্যবহারে দায়িত্বশীলতা

মিস ইউনিভার্সের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগীদের চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধিরও পরীক্ষা নেওয়া হয়। এবারের আসরের প্রশ্নোত্তর পর্বে জেনিফারের বক্তব্যও আলোচনায় এসেছে।

চূড়ান্ত পর্বে তাঁকে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা কী?

জবাবে জেনিফার বলেন, বিশ্বের এমন নেতা প্রয়োজন, যাঁরা দক্ষ হওয়ার পাশাপাশি সহমর্মী। তাঁর ভাষায়, মানুষকে প্রায়ই বিচার ও নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে নেতাদের দায়িত্ব হলো নিজেদের অবস্থানে দৃঢ় থাকা এবং অন্যদের সামনে ভালো উদাহরণ তৈরি করা।

তিনি আরও বলেন, একজন সম্ভাবনাময় নেতা হিসেবে তিনি দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চান। এ জন্য মানুষের প্রয়োজন ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাদের চাহিদা বুঝে ক্ষতিকর আচরণ প্রতিরোধের কৌশল নির্ধারণ করতে পারলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও প্রশ্নের মুখোমুখি হন তিনি। তাঁকে জিজ্ঞেস করা হয়, এআইয়ের বিকাশের এই সময়ে মানুষের কোন মূল্যবোধটি কোনোভাবেই হারানো উচিত নয়?

জবাবে জেনিফার বলেন, এআই আমাদের সঙ্গে থাকতেই এসেছে। তাই এটি সতর্ক ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি মানুষের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে তা গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, মানুষের মূল্যবোধই স্বতন্ত্র পরিচয় তৈরি করে এবং মানবিক সত্তা ধরে রাখতে সাহায্য করে।

বিবাহিত নারী ও মা হিসেবে নতুন ইতিহাস

জেনিফারের জয় আরেকটি কারণে তাৎপর্যপূর্ণ। ২০২৩ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ চালু হয়। এর আগে দীর্ঘদিন প্রতিযোগিতায় অংশ নিতে অবিবাহিত হওয়ার শর্ত ছিল।

নিয়ম পরিবর্তনের তিন বছর পর প্রথমবারের মতো কোনো বিবাহিত নারী ও মা হিসেবে মূল মুকুট জিতলেন জেনিফার। তাঁর স্বামী ইয়ান কার্লোস বারেতো ক্যালদেরন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সার্জেন্ট। তাঁদের সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপে। মুকুট জয়ের পর মেয়ের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।

পুয়ের্তো রিকোর নতুন গর্ব

জেনিফারের পর প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ আলেভান্তে। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ। সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী জাস্টাস কেলি সেরা ১২-তে জায়গা পেলেও চূড়ান্ত পর্বে উঠতে পারেননি। চলতি বছর প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউএসএ খেতাব জিতে আলোচনায় এসেছিলেন তিনি।

ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেন ক্যাটরিওনা গ্রে। এবার বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।

শেয়ার করুনঃ
Advertisement