ইয়াসিন বুনুকে নিয়ে প্রশ্নে লজ্জায় রাঙা নোরা ফাতেহি

ইয়াসিন বুনুকে নিয়ে প্রশ্নে লজ্জায় রাঙা নোরা ফাতেহি ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৫:৪৬, ৬ আগস্ট ২০২৬

ভালোবাসার মানুষের নাম শুনলেই মুখে ফুটে ওঠে অন্যরকম হাসি। বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির ক্ষেত্রেও যেন ঠিক এমনটাই ঘটল। মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্নের মুখে ক্যামেরার সামনেই লজ্জায় রাঙা হয়ে ওঠেন তিনি।

দীর্ঘদিন ধরেই নোরা ফাতেহি ও মরক্কোর ফুটবল তারকা ইয়াসিন বুনুর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেলেও এতদিন এ বিষয়ে মুখ খোলেননি নোরা। তবে সম্প্রতি দুবাইয়ের জনপ্রিয় ‘দ্য ক্রিস ফেড শো’-তে অতিথি হয়ে এসে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সঞ্চালক সরাসরি ইয়াসিন বুনুর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করলে নোরা মুচকি হেসে বলেন, “ওহ, হ্যাঁ! সে আমার খুব ভালো বন্ধু। আমি মনে করি, সে একজন অসাধারণ মানুষ।”

এরপর সঞ্চালক তার লজ্জা পাওয়ার বিষয়টি উল্লেখ করলে নোরা আবারও ইয়াসিনের প্রশংসা করে বলেন, “সে অসাধারণ একজন মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। আমি সবসময় তার সাফল্য উদযাপন করি।”

অনুষ্ঠানের সহ-সঞ্চালক প্রীতি মালিক মন্তব্য করেন, “আমার মনে হয়, আপনাদের দুজনকে জুটি হিসেবে দারুণ মানাবে!” এই মন্তব্যে আরও লজ্জা পেয়ে নোরা জানান, ইয়াসিনের সঙ্গে তার পরিচয় অনেক দিনের হলেও গত কয়েক মাস ধরে তাদের যোগাযোগ আবারও ঘনিষ্ঠ হয়েছে।

সম্প্রতি মরক্কোর কাসাব্লাঙ্কার এইন ডিয়াব এলাকায় নোরা ও ইয়াসিনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এছাড়া ‘আফ্রিকা কাপ অব নেশনস’ (আফকন) দেখতে মরক্কো সফরেও গিয়েছিলেন নোরা। গ্যালারিতে বসে ইয়াসিনের খেলা উপভোগ করার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।

যদিও নোরা ফাতেহি কিংবা ইয়াসিন বুনু—দুজনের কেউই এখনো প্রেমের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে রেডিও অনুষ্ঠানে নোরার লাজুক প্রতিক্রিয়া ও ইয়াসিনকে নিয়ে তার উচ্ছ্বসিত প্রশংসা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মরক্কান বংশোদ্ভূত হলেও নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পরে তিনি ভারতে ক্যারিয়ার গড়ে তোলেন এবং ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় বিনোদন অঙ্গনে পরিচিতি পান। এরপর ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘সত্যমেভ জয়তে’ ও ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’-এর জনপ্রিয় গানে পারফর্ম করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। বর্তমানে হিন্দি, কন্নড় ও তামিল ভাষার একাধিক বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

শেয়ার করুনঃ
Advertisement