প্রবাসী ও ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য ছায়ানটের নতুন অনলাইন সংগীত প্রশিক্ষণ
Published : ১১:৪০, ১৬ আগস্ট ২০২৬
প্রবাসী বাংলাভাষী ও ঢাকার বাইরের সংগীতপ্রেমীদের কাছে বাংলা সংস্কৃতির চর্চা পৌঁছে দিতে নতুন অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করছে ছায়ানট।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘সঙ্গীত-পরিচয়’ নামে গানের প্রাথমিক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কার্যক্রম। এরপর আগামী ২০ সেপ্টেম্বর থেকে অগ্রসর শিক্ষার্থীদের জন্য চালু হবে দ্বিতীয় ধাপ ‘নিবিড় শিক্ষণ’।
ছায়ানটের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন প্রশিক্ষণের প্রথম ধাপ ‘সঙ্গীত-পরিচয়’-এ লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত ও সরগম শেখানো হবে। বয়সভেদে ‘শিশু-কিশোর’ ও ‘সাধারণ’—এই দুই শাখায় মোট ১২১ জন শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি হয়েছেন।
ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে দেশের বিভিন্ন এলাকার ৯৩ জন রয়েছেন। এ ছাড়া উত্তর আমেরিকা থেকে ১২ জন, ইউরোপ থেকে সাতজন এবং অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে আরও নয়জন প্রবাসী শিক্ষার্থী এই কার্যক্রমে যুক্ত হয়েছেন।
সপ্তাহের নির্দিষ্ট দিনে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
কর্মসূচির দ্বিতীয় ধাপ ‘নিবিড় শিক্ষণ’ শুরু হবে ২০ সেপ্টেম্বর। এই ধাপে অগ্রসর শিক্ষার্থীদের গান শেখাবেন দেশের তিনজন খ্যাতিমান শিল্পী ও শিক্ষক। লোকসঙ্গীতে কিরণ চন্দ্র রায়, নজরুলসঙ্গীতে খায়রুল আনাম শাকিল এবং রবীন্দ্রসঙ্গীতে লাইসা আহমদ লিসা প্রশিক্ষণ দেবেন।
‘নিবিড় শিক্ষণ’-এর ক্লাস প্রতি রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বর্তমানে এই ধাপের জন্য শিক্ষার্থী নির্বাচনের সাক্ষাৎকার চলছে।
নতুন অনলাইন আয়োজনের বিস্তারিত জানাতে রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ছায়ানট। এতে বক্তব্য দেবেন সংগঠনের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
ছায়ানটের দূরশিক্ষা কার্যক্রমের সূচনা হয় ২০২০ সালে। সে সময় সানজীদা খাতুনের তত্ত্বাবধানে ইউটিউবে প্রকাশিত রেকর্ডেড ভিডিও ‘গানের নিবিড় পাঠ’-এর মাধ্যমে অনলাইনভিত্তিক সংগীত শিক্ষার কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
পরবর্তীতে ২০২৪ সালের ১ ডিসেম্বর বড় পরিসরে ফেসবুকে আত্মপ্রকাশ করে ছায়ানটের এই অনলাইন উদ্যোগ। নতুন কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রবাসী বাংলাভাষীদের কাছেও বাংলা গান ও সংস্কৃতির চর্চা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সংগঠনটি।


































