অমিতাভ রেজার সঙ্গে ফিরছেন ফারিণ, সিনেমা নাকি সিরিজ?
Published : ২০:১৩, ৩০ আগস্ট ২০২৬
‘নতুন কিছু আসছে’—সামাজিক মাধ্যমে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের কথোপকথন ঘিরে সম্প্রতি তৈরি হয়েছিল নানা জল্পনা। ভক্তদের অনেকেই ধারণা করেছিলেন, দুজন হয়তো নতুন কোনো সিনেমা বা সিরিজ নিয়ে হাজির হচ্ছেন।
অবশেষে সেই জল্পনার অবসান হয়েছে। জানা গেছে, ফারিণকে নিয়ে নতুন কোনো সিনেমা বা সিরিজ নয়, বরং একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। নির্মাতার নির্দেশনায় এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। আগামী কয়েক দিনের মধ্যেই বিজ্ঞাপনচিত্রটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
সম্প্রতি ফারিণকে ট্যাগ করে ফেসবুকে অমিতাভ রেজা লেখেন, ‘অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে—এবার একটু বড় কিছু করার জন্য।’
নির্মাতার সেই পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করে ফারিণ লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’ তাদের এই কথোপকথন প্রকাশ্যে আসার পরই নতুন কাজটি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
অনেকেই ধারণা করেছিলেন, দীর্ঘ বিরতির পর বড় কোনো সিনেমা বা সিরিজের মাধ্যমে ফিরছেন ফারিণ। তবে শেষ পর্যন্ত জানা গেল, বিজ্ঞাপনচিত্রের মাধ্যমেই আপাতত ক্যামেরার সামনে ফিরছেন এই অভিনেত্রী।
গত রোজার ঈদে ‘প্রিন্স’ সিনেমা মুক্তির পর ফারিণের নতুন কোনো কাজের ঘোষণা আসেনি। নতুন সিনেমা নিয়েও এখন পর্যন্ত কোনো খবর নেই। ফলে বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তার নতুন করে ক্যামেরার সামনে আসা ভক্তদের জন্য স্বস্তি ও আনন্দের খবর হয়ে এসেছে।




































