দিলারা জামানের বাড়ি দখলের গুঞ্জন: দুই যুগ আগের পুরোনো ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি

দিলারা জামানের বাড়ি দখলের গুঞ্জন: দুই যুগ আগের পুরোনো ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি দিলারা জামান

বিনোদন ডেস্ক

Published : ১৫:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বর্ষীয়ান ও নন্দিত অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল নিয়ে একটি গুঞ্জন চাউর হয়েছে। তাঁর ছবি সংবলিত বিভিন্ন ফটোকার্ডে দাবি করা হয় যে, বাবার দেওয়া জমিতে কষ্ট করে বাড়ি করলেও ভাড়াটিয়া কর্তৃক তা দখল হয়ে যাওয়ায় তিনি বর্তমানে ছোট ভাড়া বাসায় থাকেন। এ ধরনের মনগড়া ও বিভ্রান্তিকর প্রচারে নেটিজেনদের মধ্যে যেমন বিস্ময় ও হতাশা তৈরি হয়, তেমনি অনেকে এর সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

তবে এই আলোচনা ও চর্চার লাগাম টেনে ধরেছেন স্বয়ং দিলারা জামান। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, ঘটনাটি সত্য হলেও তা প্রায় ২২-২৩ বছর আগের এবং বর্তমানে তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তিনি জানান, ঢাকার শ্যামলীতে তাঁর ৬ কাঠা জমি দখলের ওই ঘটনা ঘটেছিল দুই যুগ আগে। সেই পুরোনো সমস্যার পর তিনি ওই সম্পত্তি বিক্রি করে দেন এবং ২০০৮ সাল থেকেই পরিবার নিয়ে উত্তরার একটি নিজস্ব ১৬০০ বর্গফুটের ফ্ল্যাটে স্থায়ীভাবে বসবাস করছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতিকাতর হয়ে পুরোনো সেই প্রসঙ্গটি আসার পর তা অসম্পূর্ণ ও খণ্ডিতভাবে প্রচার করায় কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন এই বরেণ্য অভিনেত্রী। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, একটু ভেবেচিন্তে বা যাচাই করে তথ্য প্রকাশ করা উচিত। শ্যামলীর সেই পুরোনো জায়গায় এখন সুউচ্চ দশতলা ভবন গড়ে উঠেছে উল্লেখ করে তিনি জানান, মাঝেমধ্যে ওই এলাকায় গেলে তাঁর ফেলে আসা স্মৃতির টানে মন আবেগতাড়িত হয়।

শেয়ার করুনঃ
Advertisement