কারাগারে ‘শিকার’ সিনেমার নায়ক, অনিশ্চয়তায় শুটিং

কারাগারে ‘শিকার’ সিনেমার নায়ক, অনিশ্চয়তায় শুটিং নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং এ মরতুজা পলাশ ও অপু বিশ্বাস। ছবি: অভিনেতার ফেসবুক থেকে

বিনোদন ডেস্ক

Published : ১০:২৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফেরার দিনই একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সিনেমাটির নায়ক ও প্রযোজক মরতুজা পলাশ। গত ২৮ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড শেষে আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)।

জানা গেছে, গত আগস্টে নেপালে অপু বিশ্বাস ও মরতুজা পলাশ অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিং শুরু হয়। ২৫ দিনের বেশি সময় সেখানে দৃশ্যধারণের পর আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির দল। ওই দিন বিমানবন্দর থেকেই পলাশকে গ্রেপ্তার করা হয়।

হত্যা মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং শেষ হলেও কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনও বাকি রয়েছে। আগামী অক্টোবরে এসব কাজ শেষ করার পরিকল্পনা ছিল নির্মাতার। তবে নায়কের বর্তমান অবস্থার কারণে চূড়ান্ত শিডিউল করা সম্ভব হচ্ছে না।

নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, নেপালে সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা থাকলেও পলাশ কারাগারে থাকায় এখনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা যাচ্ছে না। তিনি জানান, পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন এবং প্রযোজনা প্রতিষ্ঠান তার মুক্তির বিষয়ে আশাবাদী।

রেজা ফিল্ম প্রযোজিত ‘শিকার’ একটি থ্রিলারধর্মী সিনেমা। সীমান্তবর্তী এলাকার গল্পকে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীরা কাজ করছেন। নেপালের পাহাড়ঘেরা বিভিন্ন লোকেশনে সিনেমাটির বড় একটি অংশের দৃশ্যধারণ করা হয়েছে।

সিনেমাটিতে অপু বিশ্বাস ও মরতুজা পলাশ ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, শ্যাম ভট্টাচার্য, বড়দা মিঠু, সুমন আনোয়ারসহ আরও অনেকে।

শেয়ার করুনঃ
Advertisement