নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মন্ত্রীর বাধার মুখে দালের মেহেন্দি

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মন্ত্রীর বাধার মুখে দালের মেহেন্দি ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৭:৩৭, ২০ অক্টোবর ২০২৬

ভারতের উত্তরাখণ্ডে নবরাত্রির অনুষ্ঠানে গান গাওয়ার সময় মন্ত্রীর বাধার মুখে পড়েছেন পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দি। তেহরির কুঞ্জাপুরি মেলায় আয়োজিত অনুষ্ঠানে গান থামিয়ে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেন রাজ্যটির মন্ত্রী সুবোধ উনিয়াল। গায়ক মদ্যপ অবস্থায় গান গাইছিলেন বলে অভিযোগ করেন মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের মাঝপথে উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নেন এবং দালের মেহেন্দির গান গাওয়া নিয়ে আপত্তি জানান।

মন্ত্রী বলেন, দুর্গাপূজার মতো ধর্মীয় অনুষ্ঠানে মদ্যপান করে গান গাওয়া ঠিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনি ঠিক করে কথাই বলতে পারছেন না, গান গাইবেন কী করে?’

সুবোধ উনিয়ালের অভিযোগ, দর্শকদের আনন্দ দেওয়ার জন্য শিল্পীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁর পরিবেশনা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ভাইরাল ভিডিওতে দালের মেহেন্দিকে মন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ জানাতেও দেখা যায়। তাঁকে বলতে শোনা যায়, ‘স্যার, আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে মঞ্চ থেকে চলে যান।’ মঞ্চে দুজনের এই কথোপকথনের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

শেয়ার করুনঃ
Advertisement