২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, প্রত্যেক নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
Published : ২১:৩৬, ১৪ জুন ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ জুন) কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, যেন তারা একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই ভাবনা থেকে প্রত্যেকে যার যেখানে সম্ভব একটি করে গাছের চারা রোপণ করুন।”
তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে আগামী প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যৎ বাংলাদেশকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনী অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের আগে জনগণের কাছে বছরে অন্তত পাঁচ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই লক্ষ্যের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে আরও নির্মল, বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পরিবেশে রূপান্তর করা সম্ভব হবে।”
সারাদেশের জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক জেলা প্রশাসককে নিজ নিজ এলাকাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব অভয়ারণ্যে পরিণত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


































