গাছের সুরক্ষায় ‘প্রজেক্ট ট্রি কেয়ার’, অপসারণ করা হলো আড়াই কেজি পেরেক

গাছের সুরক্ষায় ‘প্রজেক্ট ট্রি কেয়ার’, অপসারণ করা হলো আড়াই কেজি পেরেক প্রজেক্ট ট্রি কেয়ার। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১৮:০৬, ১৩ নভেম্বর ২০২৬

রাজধানীতে গাছকে পেরেকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবেশবাদী সংগঠন রান ফর গ্রীন বাংলাদেশের উদ্যোগে পরিচালিত হয়েছে ‘প্রজেক্ট ট্রি কেয়ার’। এ কার্যক্রমের অংশ হিসেবে সড়কের বিভিন্ন গাছ থেকে প্রায় ২ দশমিক ৫ কেজি পেরেক অপসারণ করা হয়েছে।

প্রকল্পটির আওতায় রাজধানীর সনি সিনেমা হল থেকে মিরপুর কলেজ পর্যন্ত সড়কের বিভিন্ন গাছ থেকে পেরেক অপসারণ করা হয়। সংগঠনটির ফাউন্ডিং মেম্বার ও স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রমে অংশ নেন।

গাছের গায়ে বিজ্ঞাপন, ব্যানার ও প্রচারণামূলক উপকরণ লাগাতে প্রায়ই পেরেক ব্যবহার করা হয়। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতস্থান দিয়ে রোগজীবাণুর সংক্রমণ এবং দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

এসব বিষয়ে জনসচেতনতা তৈরি এবং গাছকে পেরেকমুক্ত রাখার লক্ষ্যেই ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

রান ফর গ্রীন বাংলাদেশ মনে করে, শুধু বৃক্ষরোপণ নয়, বিদ্যমান গাছের পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করাও পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ কারণে গাছের প্রতি যত্নশীল হওয়ার সামাজিক আন্দোলন গড়ে তুলতেও কাজ করছে সংগঠনটি।

‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর মাধ্যমে গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার কিংবা বিজ্ঞাপন লাগানোর প্রবণতা বন্ধে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা সংগঠনটির।

শেয়ার করুনঃ
Advertisement