কাবুলের আকাশে পাকিস্তানি বিমানে আফগান বাহিনীর গুলি, দাবি রয়টার্স
Published : ১২:০৫, ১ মার্চ ২০২৬
আফগানিস্তান ও পাকিস্তান–এর মধ্যকার সীমান্ত পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। রাজধানী কাবুল–এ পাকিস্তানি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
রোববার (১ মার্চ) কাবুলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আফগানিস্তান দাবি করেছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা পাকিস্তানি জেটগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতা নিয়ে আঞ্চলিক পরিস্থিতি ইতোমধ্যেই অস্থির। ফলে দক্ষিণ এশিয়াতেও নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ চলার পর অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযান ঘোষণা করেছে পাকিস্তান। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘গজব লিল হক’, যার অর্থ দাঁড়ায় ‘ন্যায়ের প্রতিশোধ’ বা ‘ন্যায়ের ক্রোধ’।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, খাইবার, বাজাউর ও চিত্রালসহ একাধিক সীমান্তবর্তী অঞ্চলে তালেবান হামলার জবাব হিসেবেই এই অভিযান শুরু করা হয়েছে। তাদের দাবি, সীমান্তে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটেই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ইসলামাবাদ।
বিডি/এএন



























