গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
Published : ২২:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা সুসংহত রাখতে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—গণমাধ্যম যেন কোনো অভাব-অনটনে না থাকে এবং তারা যেন নির্বিঘ্নে, কোনো প্রকার বাধা ছাড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে পূর্ণ স্বাধীনতায় কাজ করতে পারে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে। এই প্রক্রিয়ায় গণমাধ্যমের অবদান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয়।
তিনি উল্লেখ করেন, যদি গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে না ধরত, তবে গণতন্ত্রের এই পুনঃপ্রতিষ্ঠা হয়তো সম্ভব হতো না। তাই সরকার চায় গণমাধ্যম আরও বিকশিত হোক এবং শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াক।
তবে তিনি এও বলেন, সাংবাদিকদের নানা পেশাগত ও আর্থিক সমস্যা সমাধান না হলে গণমাধ্যমের পূর্ণ বিকাশ সম্ভব নয়। সাংবাদিক ভাই-বোনদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি আশ্বাস দেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও পরিধি আরও সম্প্রসারিত করা হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা তাদের পেশাদারিত্ব অটুট রেখে কাজ করতে পারেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমবান্ধব—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত, জনগণের স্বার্থ রক্ষায় কাজ করছে। গণমাধ্যমের অবদান সরকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে এবং আশা করে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা ভবিষ্যতেও গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এছাড়া বক্তব্য দেন ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম,
র্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
বিডি/এএন






























