দেশের মানুষের সব আশা এখন আমাদের ঘিরেই
Published : ২০:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
দেশের মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের কর্মকাণ্ডের দিকে তাকিয়ে রয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা সবাই একত্রিত হয়েছি।
সম্প্রতি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছেন, সহ্য করেছেন নির্যাতন, গুম ও হত্যার মতো কঠিন বাস্তবতা। এত ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আজ আমরা গণতান্ত্রিক পথচলা শুরুর সুযোগ পেয়েছি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্র চর্চার সুযোগ ফিরে পেয়েছি। এজন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ এখন রাজনৈতিক দলগুলোর দিকে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
তিনি আরও বলেন, এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে সবাই যেন আল্লাহর নামে শপথ গ্রহণ করি—আগামী দিনের সকল কর্মকাণ্ড হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন দেশের মানুষের কল্যাণে কাজ করার তাওফিক ও রহমত সবাইকে দান করা হয়।
ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য জামায়াতের আমিরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ক্বারী বেলাল হোসাইন। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১১ দলীয় ঐক্যের নেতা এবং বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মাওলানা মামুনুল হক।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, এটিএম আজহারুল ইসলাম এমপি, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী এমপি, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ সেলিম উদ্দিন ও নুরুল ইসলাম বুলবুল এমপিসহ আরও অনেকে।
বিডি/এএন





























