দুর্নীতিবাজদের কোনো ছাড় নয়, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ভূমিমন্ত্রীর
Published : ২২:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
যেই দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেবাপ্রাপ্তিদের হয়রানি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে শিগগিরই ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে।
তিনি আরও জানান, নারীর উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও নারীদের ক্ষমতায়নে বড় পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী—তারা কোনোভাবেই করুণা বা দয়ার পাত্র নন, বরং রাষ্ট্রীয় উন্নয়নের সমান অংশীদার।
মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়ন জনগণের প্রত্যাশা অনুযায়ী এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা হবে। জনগণ ও বিএনপির নির্বাচিত চারজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপির শাসনামলে রাজশাহীতে গ্যাস লাইন স্থাপন ও সরবরাহ চালু করা হয়েছিল। ভবিষ্যতে আবারও গ্যাস সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কশিল্প অত্যন্ত সম্ভাবনাময়। এ শিল্পের সম্প্রসারণ ও আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে রাজশাহীতে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।
এর আগে ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এবং রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
রাজশাহী নাগরিক কমিটির সভাপতি প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শহরের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তারা রাজশাহীবাসীর নানাবিধ সমস্যা ও দুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং সমাধানে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও এমপি শফিকুল হক মিলন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত বক্তব্য দেন এবং রাজশাহীর মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস ব্যক্ত করেন।
বিডি/এএন






























