ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে যা বললেন পুতিন

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে যা বললেন পুতিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২২, ১ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় অবশেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনির মৃত্যুকে তিনি ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

রোববার (১ মার্চ) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক বিশেষ শোকবার্তায় পুতিন তার এই অবস্থান স্পষ্ট করেন। ওই বার্তায় তিনি বলেন, এ ঘটনা মানবিক নৈতিকতার মৌলিক আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের শামিল।

নিজের বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, এ ধরনের বর্বরোচিত ও লক্ষ্যভিত্তিক হামলা কেবল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর আঘাত নয়; বরং এটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গভীর হুমকি তৈরি করে। তার মতে, এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের প্রচলিত নীতিমালার পরিপন্থী এবং বিশ্বশান্তিকে বিপন্ন করতে পারে।

এর আগে, পারমাণবিক কর্মসূচি–সংক্রান্ত আলোচনা ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে শনিবার ইরানের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে জানানো হয়।

সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান সরকার।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement