ইরানের সর্বোচ্চ নেতার ইন্তেকালে শোক জানালেন জামায়াত আমির

ইরানের সর্বোচ্চ নেতার ইন্তেকালে শোক জানালেন জামায়াত আমির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৩, ১ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ শোকবার্তা প্রকাশ করেন।

বিজনেস ডেইলের পাঠকদের জন্য জামায়াত আমিরের বক্তব্যটি নিচে হুবহু তুলে ধরা হলো—

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদ আমাকে গভীরভাবে ব্যথিত ও শোকাহত করেছে। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা। মহান আল্লাহ তাআলা যেন এ কঠিন সময়ে তাদের ধৈর্য, শক্তি ও প্রজ্ঞা দান করেন।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ইতোমধ্যেই পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। বর্তমান পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনা ও সংঘাতের দিকে গড়ায়, তবে তার প্রভাব কেবল একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং সমগ্র অঞ্চলের জন্য তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

বিশেষ করে পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের সামরিক হামলা বা সহিংসতা বিশ্বব্যাপী সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ, বেদনা ও উদ্বেগের জন্ম দেবে এবং বিশ্বশান্তিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে।

আমি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি—তারা যেন অবিলম্বে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হয়।

আন্তর্জাতিক আইন মেনে চলা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এ মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি।

বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘসহ বিশ্বনেতাদের এখনই সক্রিয় ও কার্যকর ভূমিকা গ্রহণ করা প্রয়োজন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement