আব্রাহাম লিঙ্কনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি তেহরানের

আব্রাহাম লিঙ্কনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি তেহরানের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৪, ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রসীমাজুড়ে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ‘USS Abraham Lincoln’কে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান।

রোববার (১ মার্চ) ইরানের সেনাবাহিনীর অভিজাত বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তাদের নিক্ষেপ করা অন্তত চারটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন ওই রণতরীতে আঘাত হেনেছে।

আইআরজিসির পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিশেষ বার্তায় বলা হয়, ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কঠোর ও প্রত্যুত্তরমূলক জবাব হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, এটি ছিল পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা।

এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার প্রেক্ষাপটে শনিবার ইরানের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে জানানো হয়।

এর পর থেকেই ইরান পাল্টা সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement