সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন

সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২২, ২ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

রোববার (১ মার্চ) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। তারা তাদের প্রতিবেদনে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরানি লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ)-এর বরাত উল্লেখ করে। আইএলএনএ মূলত শ্রমিক সংগঠন, কর্মসংস্থান, সামাজিক ইস্যু ও শ্রম অধিকার–সম্পর্কিত সংবাদ প্রকাশ করে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে নিজ বাসভবনে চালানো একটি বিমান হামলায় ৬৯ বছর বয়সী আহমেদিনেজাদ ও তার এক দেহরক্ষী নিহত হন। তবে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরানের সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের শুরুর দিকে তিনি দেশটির শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থি রাজনৈতিক গোষ্ঠী এবং পার্লামেন্টের রক্ষণশীল অংশের দৃঢ় সমর্থন লাভ করেছিলেন।

তবে তার শাসনামলের শেষ পর্যায়ে বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং ইরানের ওপর একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে দেশটি অর্থনৈতিক চাপ ও সংকটের মুখে পড়ে।

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ও আক্রমণাত্মক অবস্থানের কারণেও তিনি আন্তর্জাতিকভাবে আলোচিত ছিলেন। তার আমলে ইসরায়েলের বিরুদ্ধে বারবার সামরিক হুমকি উচ্চারণের ঘটনায় বৈশ্বিক পরিসরে ইরান কূটনৈতিকভাবে অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সময়ের সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হতে থাকে। শুরুর দিকের সমর্থকদের একটি অংশ তার থেকে দূরে সরে যায় এবং মেয়াদের শেষদিকে এমনকি কট্টরপন্থি মহলেও তিনি বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতে থাকেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement