আমিরাতে ইরানি হামলায় প্রাণ হারানো বাংলাদেশির পরিচয় শনাক্ত

আমিরাতে ইরানি হামলায় প্রাণ হারানো বাংলাদেশির পরিচয় শনাক্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:১৬, ২ মার্চ ২০২৬

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাত-এ এক বাংলাদেশিসহ মোট তিনজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি বড়লেখা উপজেলা-এর গাজিটেকা এলাকার বাসিন্দা ছবর আলীর ছেলে।

রোববার (১ মার্চ) রাতে তার চাচাতো ভাই ও আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে সেখানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। ঠিক সেই সময় আমিরাতে ইরানের হামলা শুরু হয়। বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

মাহবুব আলম চৌধুরী জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ইফতার শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালেহ জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হন। তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন।

হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন বলেও জানা গেছে।

ঘটনার পর সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়। রোববার সকালে সালেহ আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এ বিষয়ে এখনো আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

নিহত সালেহ আহমেদ বহু বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন। দেশে তার মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

মাহবুব আলম চৌধুরী আরও বলেন, শনিবার ইফতারের পর তার সঙ্গে শেষবার কথা হয়েছিল। তখন সালেহ জানিয়েছিলেন, জরুরি কাজে বাইরে আছেন। এর অল্প সময়ের মধ্যেই হামলার শিকার হন তিনি। দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্বজনরা।

বড়লেখা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নিহত সালেহ আহমেদের পরিচয় ও তার পারিবারিক তথ্য নিশ্চিত করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement