বাহরাইনে প্রবাসীদের সতর্কতার নির্দেশনা

বাহরাইনে প্রবাসীদের সতর্কতার নির্দেশনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩০, ৬ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৫ মার্চ) মানামা থেকে প্রকাশিত এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমান পরিস্থিতিতে আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার দৃশ্য, বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা, সামরিক অভিযান, সামরিক ঘাঁটি কিংবা সামরিক যানবাহনের চলাচলসহ এ ধরনের স্থাপনা বা ঘটনার কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

পাশাপাশি এসব ঘটনার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিংবা লাইভ সম্প্রচার থেকেও বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, বাহরাইনের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের ছবি বা ভিডিও ধারণ ও প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডকে আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হতে পারে।

বিজ্ঞপ্তিতে বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সকলকে দেশটির আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement