মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৯, ১৩ আগস্ট ২০২৬

মালয়েশিয়ার নেগেরি সেমবিলান রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন একদিন পিছিয়েছে। বাংলা ভাষার দোভাষীর মাধ্যমে অভিযোগ বুঝিয়ে দিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে বুধবার (১২ আগস্ট) ইদ্রিস আলীকে আদালতে হাজির করা হয়। এ সময় মালয় ভাষায় অভিযোগ পড়ে শোনানো হলে তিনি তা পুরোপুরি বুঝতে পারেননি। পরে বাংলা ভাষার দোভাষীর মাধ্যমে অভিযোগ পড়ে শোনানোর সিদ্ধান্ত নেয় আদালত। এ কারণে অভিযোগ পাঠের জন্য ১৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, ইদ্রিস আলীর বিরুদ্ধে মো. নুরজুল ইসলাম, মোহাসিন ও কিরণ মিয়াকে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ৩ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে নেগেরি সেমবিলানের তামান লিঙ্গি এলাকার একটি বাড়ির পেছনের গলি এবং পোর্ট ডিকসনের সুয়া মাঙ্গিস এলাকার একটি পাম বাগানে এসব হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় তিনটি হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ইদ্রিস আলীর মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড না হলে সর্বোচ্চ ১২টি বেত্রাঘাতের বিধানও রয়েছে।

এ ছাড়া সেশনস কোর্টে বাংলাদেশি নাগরিক মো. কাজল মণ্ডলকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে ইদ্রিস আলীর বিরুদ্ধে। দণ্ডবিধির ৩০৭ ধারায় করা এ অভিযোগে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইদ্রিস আলীর জামিনের আবেদন করেননি। বৃহস্পতিবার বাংলা দোভাষীর মাধ্যমে তার বোধগম্য ভাষায় অভিযোগগুলো পুনরায় পড়ে শোনানো হবে।

শেয়ার করুনঃ
Advertisement