বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশ-জাপান চুক্তি, কার্যকর ২০২৭ সালের এপ্রিলে

বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশ-জাপান চুক্তি, কার্যকর ২০২৭ সালের এপ্রিলে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৫, ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান-সংক্রান্ত ইএসডিপি-এমওসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছরের প্রচেষ্টার পর রোববার (১৭ অক্টোবর) দুই দেশের মধ্যে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। চুক্তিটির পূর্ণ নাম ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ (ইএসডিপি-এমওসি)।

বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব চুক্তিতে স্বাক্ষর করেন। জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এতে সই করেন।

বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের ক্ষেত্রে চুক্তিটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে হস্তান্তর করা হবে।

চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। এ মেয়াদ শেষ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে চুক্তিটির মোট মেয়াদ হবে ১০ বছর। এর মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ও সুরক্ষা বাড়বে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement