বাহরাইন প্রবাসীদের দেশে আনতে দূতাবাসের বিশেষ ব্যবস্থা

বাহরাইন প্রবাসীদের দেশে আনতে দূতাবাসের বিশেষ ব্যবস্থা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২১, ১৬ মার্চ ২০২৬

বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে গালফ এয়ারের মাধ্যমে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগের কথা জানিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্য অনুযায়ী, নির্ধারিত এই বিশেষ ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী, তাদের দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আসন পাওয়া সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আগে নিবন্ধনকারীদের অগ্রাধিকার দিয়ে ‘আগে আসলে আগে আসন’ ভিত্তিতে যাত্রী নির্বাচন করা হতে পারে।

দূতাবাস জানায়, সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে আগামী ২০ মার্চ ২০২৬ অথবা এর কাছাকাছি কোনো একটি দিন নির্ধারণ করা হতে পারে। প্রতিটি আসনের সম্ভাব্য ভাড়া ধরা হয়েছে প্রায় ৩০০ বাহরাইনি দিনার।

এছাড়া এই ভাড়ার মধ্যেই বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াতের খরচ এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির ব্যয় অন্তর্ভুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।

আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

একই সঙ্গে দূতাবাস জানিয়েছে, ফ্লাইট পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত এবং পরবর্তী বিস্তারিত তথ্য গালফ এয়ার কর্তৃপক্ষই আনুষ্ঠানিকভাবে জানাবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement