বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রার নিরপেক্ষতা বজায় রাখতে কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো সদস্য যদি ব্যক্তি, দল কিংবা কোনো রাজনৈতিক এজেন্ডার সঙ্গে যুক্ত হন, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার কোনোভাবেই শৈথিল্য দেখাবে না। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান দমন, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা রোধে বাহিনীটি সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধারেও কোস্ট গার্ড উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের অবদান তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগের সময় উপকূলীয় জনগণকে সতর্ক করা, উদ্ধার তৎপরতা পরিচালনা, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, লাইফ জ্যাকেট সরবরাহ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

এই অবদানের আন্তর্জাতিক স্বীকৃতির কথাও উল্লেখ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্রমের প্রশংসা করেছে এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষার বিষয়ে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কেউ যদি ব্যক্তি বা রাজনৈতিক স্বার্থে জড়িয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে দেয়। তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement