বিমানের অন্তর্বর্তী দায়িত্ব পেলেন ড. হুমায়রা সুলতানা

বিমানের অন্তর্বর্তী দায়িত্ব পেলেন ড. হুমায়রা সুলতানা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশ এয়ারলাইনসের শীর্ষ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য রদবদল এনেছে সরকার। ফৌজদারি মামলায় কারাবন্দি থাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. শফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

তার স্থলে সংস্থার প্রশাসনিক ও পরিচালন কার্যক্রম স্বাভাবিক রাখতে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ড. মো. শফিকুর রহমান বর্তমানে একটি ফৌজদারি মামলায় কারাগারে আটক থাকায় তার সরকারি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রতিষ্ঠান হিসেবে বিমানের কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যেই নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ৩০(গ) ধারার বিধান অনুযায়ী সরকার এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন। আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব দপ্তরে পাঠানো হয়েছে।

বিমানের অভ্যন্তরীণ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সংস্থাটির আর্থিক ব্যবস্থাপনা, সেবার মান ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছিল। এমন প্রেক্ষাপটে এমডির কারাবরণ এবং তার চুক্তি বাতিল হওয়াকে একটি তাৎপর্যপূর্ণ মোড় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ড. হুমায়রা সুলতানা দায়িত্ব গ্রহণ করায় বিমানের ঝুলে থাকা বড় প্রকল্পগুলোর কাজ এবং আসন্ন হজ মৌসুমের প্রস্তুতি কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে। তবে স্থায়ীভাবে কে এই জাতীয় সংস্থার নেতৃত্ব দেবেন, সে বিষয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement