নির্বাচন কেন্দ্রে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন কেন্দ্রে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

কেন্দ্র দখলের কোনো চেষ্টা হলে এবার কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে যদি কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হয়, তাহলে কেউ রেহাই পাবে না। নির্বাচন কেন্দ্রগুলো দখলমুক্ত রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডিওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে।

এত কিছুর পরও কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে সে ভাই হোক বা বোন—কাউকেই ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও পরিচয় সংরক্ষিত থাকবে। এমনকি তিন-চার দিন পর বা ছয় মাসের জন্য জামিনে বের হলেও শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আসতেই হবে।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সেনাবাহিনী, বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে নির্বাচনকালীন বিভিন্ন চ্যালেঞ্জ, প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রস্তুতি অত্যন্ত ভালো ও প্রশংসনীয়। তারা দেশবাসীকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে—এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঝিনাইগাতিতে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। অনেক সময় ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়, ফলে গ্রেপ্তারে কিছুটা সময় লাগতে পারে। তবে শেষ পর্যন্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।

নির্বাচনের সময় সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে সাংবাদিকদের পোলিং সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফলে সাংবাদিকদের ওপর হামলার আশঙ্কা নেই। এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ দেশের কোথাও সাংবাদিকদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। যদিও ছোটখাটো সমস্যা থাকতে পারে, তবে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি দেখা যায়নি।

নির্বাচনের ফলাফল ঘোষণা বিলম্ব হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফলাফল প্রস্তুত হলেই তা ঘোষণা করা হবে। বর্তমানে ফলাফল জানার প্রক্রিয়া অনেক সহজ। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকবে, যারা সঙ্গে সঙ্গেই ভোট গণনার তথ্য মোবাইল ফোনে জানিয়ে দেবে। ফলে সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সাধারণ মানুষ মোবাইলের মাধ্যমে ফলাফল জেনে যায়—এ বিষয়টি সবাই জানে।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র‌্যাব-১৪-এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক, জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement