শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোমের মিয়া তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে আসামিদের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে অমানবিক ও নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই সোমবার ভোর সাড়ে ৩টার দিকে ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং তাদের বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

































