এক দিনের ছুটিতেই মিলছে চার দিনের অবকাশ

এক দিনের ছুটিতেই মিলছে চার দিনের অবকাশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

নতুন বছরের শুরুতেই ভ্রমণ কিংবা পরিবার–পরিজনের সঙ্গে মানসম্মত সময় কাটানোর পরিকল্পনা থাকলে সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে আনন্দের খবর।

সামান্য পরিকল্পনা ও কৌশল কাজে লাগালেই মিলতে পারে টানা চার দিনের ছুটির সুযোগ, যা কাজে লাগিয়ে বিশ্রাম, ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগত নানা পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে আগামীকাল ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এই ছুটির সঙ্গে যদি ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেওয়া হয়, তাহলে মোট ছুটি দাঁড়াবে চার দিন। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। ফলে মাত্র এক দিনের ছুটি গ্রহণ করেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছেন।

এই দীর্ঘ ছুটি কাজে লাগিয়ে কেউ চাইলে স্বল্প ভ্রমণে যেতে পারেন, কেউ আবার পরিবারকে সময় দিতে পারেন কিংবা দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে খানিকটা বিরতি নিয়ে মানসিক ও শারীরিকভাবে সতেজ হতে পারেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরে মোট সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ঘোষিত ছুটি রয়েছে আরও ১৪ দিন। এর মধ্যে ৯টি ছুটি শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলিয়ে পড়েছে, যা কর্মজীবীদের জন্য বাড়তি স্বস্তি এনে দিয়েছে।

এ ছাড়া ধর্মীয় ছুটির হিসাব অনুযায়ী আসন্ন বছরে মুসলিম সম্প্রদায়ের জন্য পাঁচ দিন, হিন্দু সম্প্রদায়ের জন্য নয় দিন, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আট দিন, বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement