নবনির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর যেই মুহূর্তে নির্দেশনা দেওয়া হবে, ঠিক তখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে—এ কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।
তিনি বলেন, দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করেছে। জনগণের স্বার্থে যেসব করণীয় ছিল, তা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এখন বাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই সেনারা ব্যারাকে ফিরে যাবে। নির্বাচন ঘিরে যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছিল, সেটিও ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
ভাষণে তিনি ইউনিটপ্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল শক্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
এ ছাড়া মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, এসব অপপ্রচার মোকাবিলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।





























