ভাষা শহীদদের প্রতি বিএনপির গভীর শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি বিএনপির গভীর শ্রদ্ধা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুল অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান।

প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হাফিজ উদ্দিন আহমেদ-সহ সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী ও নীতিনির্ধারকরা।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে পৃথকভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারেক রহমান।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পারিবারিক আবহে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

বিএনপি ও জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর প্রধানগণ, বিরোধীদলীয় নেতা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন।

পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। হাজার হাজার বিএনপি নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে সুশৃঙ্খলভাবে শহীদ বেদিতে ফুল দেন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement