স্বাধীনতা দিবসে দেড় যুগ পর মনোমুগ্ধকর কুচকাওয়াজ

স্বাধীনতা দিবসে দেড় যুগ পর মনোমুগ্ধকর কুচকাওয়াজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২০, ২৬ মার্চ ২০২৬

দীর্ঘ দেড় যুগ পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ আবারও অনুষ্ঠিত হয়েছে। এতে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশপথে দেশের প্রতিরক্ষা সক্ষমতার চমৎকার প্রদর্শন দেখা যায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ শুরু হয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট উপভোগ করতে সকাল থেকেই প্যারেড গ্রাউন্ডে জড়ো হন শিশু-কিশোরসহ নানা বয়সী হাজারো মানুষ। দর্শনার্থীদের বসার জন্য প্লাস্টিকের চেয়ারের ব্যবস্থা করা হয়। অনেকের হাত ও মাথায় ছিল জাতীয় পতাকা, যা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

ঘোড়ায় আরোহী হয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে উপস্থিত হন এবারের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। শুরুতেই তিনি উপ-অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রার মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একই প্রক্রিয়ায় প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীসহ তিন বাহিনীর প্রধানরা।

সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে কুচকাওয়াজ শুরু করার অনুমতি দেওয়ার পর অধিনায়ক রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে প্যারেড পরিদর্শন করেন। এরপর একে একে কন্টিনজেন্টগুলো রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করে।

এবারের কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাঁজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্টসহ বিভিন্ন ইউনিট। এছাড়া বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্টও অংশগ্রহণ করে। এর পাশাপাশি ছিল বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির কন্টিনজেন্ট।

এরই মধ্যে আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা বহন করে অবতরণ করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। পরে শুরু হয় বিমানবাহিনীর দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement