ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতীয় পেসারকে আইপিএলে খেলাবে না বেঙ্গালুরু

ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতীয় পেসারকে আইপিএলে খেলাবে না বেঙ্গালুরু

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:১৬, ২৬ মার্চ ২০২৬

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে পারবেন না ভারতের বাঁহাতি পেসার জশ দয়াল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে খেলানোর সিদ্ধান্ত নেয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মো বোব্যাট।

আইপিএল শুরুর আগে রিটেনশন তালিকা ঘোষণার সময় দয়ালকে আরসিবির দলে রাখা নিয়ে বিতর্ক উঠেছিল। নতুন মৌসুমের প্রস্তুতি ক্যাম্পে তাকে না দেখে জল্পনা বাড়ে। পরে জানা যায়, ‘ব্যক্তিগত পরিস্থিতি’ কারণে তিনি এ বছর দলে খেলবেন না।

বেঙ্গালুরুর পরিচালক মো বোবাট বলেন, "দয়াল বর্তমানে একটি ব্যক্তিগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা শুরু থেকেই তাকে সমর্থন করেছি, আর সেই কারণেই রিটেনশনের সময় তাকে দলে রেখেছিলাম। তিনি এখনো আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন, এবং আপাতত সেটি বহাল থাকবে।"

তিনি আরও জানান, "আমরা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছি। আজও তার সঙ্গে কথা হয়েছে। তবে এখন তার এবং দলের স্বার্থে আমাদের সঙ্গে তার যোগ না দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হয়েছে।"

জশ দয়ালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে শারীরিক ও মানসিক হেনস্থা করেছেন। এলাহাবাদ হাইকোর্ট তার গ্রেপ্তারের ওপর স্থগিতাদেশ দিয়েছেন, তবে জয়পুরের পকসো আদালত তার আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। অভিযোগ রয়েছে, ২০২৫ আইপিএল চলাকালীন একটি হোটেলে এই ধরনের ঘটনা ঘটেছিল।

শেয়ার করুনঃ
Advertisement