দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৪
Published : ১৩:৩৬, ২৬ মার্চ ২০২৬
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসটি ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, এবং বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তীব্র স্রোত এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও রাত সাড়ে ১১টার দিকে বাসটি উদ্ধার করা হয়। এর পর থেকে মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত থাকে, এবং ভোর ৪টার দিকে ২০ জনের মৃত্যু নিশ্চিত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে অন্যটি কাজ করছে। এই কমিটিগুলো তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান জানান, নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসন প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন বিষয়ে সরকার উদ্যোগ নেবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনার পর থেকেই সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। নিখোঁজদের সন্ধানে প্রশাসন ও উদ্ধারকারী দল তল্লাশি অব্যাহত রেখেছে।

































