স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
Published : ১৩:৪৮, ২৬ মার্চ ২০২৬
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (২৫ মার্চ) এক বিশেষ প্রেস বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠান। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে এবং এ সময় দেশটির স্বাধীনতা উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রুবিও বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে অত্যন্ত মূল্যায়ন করে এবং একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য রয়েছে।” তিনি আরও বলেন, “দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করতে ওয়াশিংটন অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বহন করে। বিশেষত, মার্কিন প্রশাসন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং দেশটির সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের নিরবচ্ছিন্ন সমর্থন তুলে ধরেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই বার্তাটি এমন সময়ে এসেছে যখন দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশের কৌশলগত অবস্থানকে বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।



























