চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:১০, ২৬ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তীব্রতায় আকাশপথের যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে স্থবির হয়ে পড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। বুধবার (২৫ মার্চ) একদিনে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুটি বহির্গমন এবং দুটি আগমনী ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বহির্গমন এবং এয়ার আরাবিয়ার একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইটও বাতিল করা হয়।

তবে পরিস্থিতি তীব্র হলেও, কিছু সীমিত পরিসরে ফ্লাইট চলাচল সচল রয়েছে। বুধবার আটটি আগমনী এবং চারটি বহির্গমন ফ্লাইট চলাচল করেছে। তবে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও কাটেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ ধরনের অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement