পিএসএল খেলতে রিশাদকে নিয়ে উড়াল দিলেন তানজিদ তামিম

পিএসএল খেলতে রিশাদকে নিয়ে উড়াল দিলেন তানজিদ তামিম ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:৩৩, ২৬ মার্চ ২০২৬

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর, যেখানে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৬ ক্রিকেটার। মঙ্গলবার (২৪ মার্চ) পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে দেশ ছেড়েছেন তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন।

এর আগে, সোমবার (২৩ মার্চ) পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা। বাকি দুই ক্রিকেটার, তানজিদ তামিম ও রিশাদ হোসেন আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিয়েছেন।

নিজেদের দেশ ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন দুই ক্রিকেটার। রিশাদ হোসেনের সঙ্গে ছবি পোস্ট করে তামিম লিখেছেন, "এখন পিএসএলে অংশ নেওয়ার সময়।"

এবার পিএসএলে সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এরপর নিলামে দলে জায়গা পান রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন। এছাড়া পেসার শরীফুল ইসলাম ও তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন। সব কিছু ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে খেলবেন শরীফুল ইসলাম এবং তানজিদ তামিম। মোস্তাফিজ ও পারভেজ হোসেন ইমন খেলবেন লাহোরে, আর রিশাদ হোসেন গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) দলের জার্সি।

এই ৬ ক্রিকেটার পিএসএল খেলার জন্য ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। এরপর নিউজিল্যান্ড সিরিজ থাকায় তাদের দেশে ফিরে আসতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।

শেয়ার করুনঃ
Advertisement