২৬ মার্চ ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন: নাহিদ ইসলাম
Published : ০৪:০১, ২৬ মার্চ ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তিতে বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
বাণীতে নাহিদ ইসলাম দিবসটিকে বাঙালির ইতিহাসে এক অনন্য গৌরবময় ও আত্মমর্যাদার দিন হিসেবে উল্লেখ করে স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্বাধীনতার জন্য সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে। তিনি সেইসব নির্যাতিত বীরাঙ্গনাদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করেন, যাদের ত্যাগ ও সাহসিকতা জাতীয় ইতিহাসকে মহিমান্বিত করেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড অর্জন ছিল না, বরং এটি ছিল ন্যায়, সাম্য, গণতন্ত্র এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের অঙ্গীকার। তবে, স্বাধীনতার এত বছর পরও সেই অঙ্গীকারগুলো আজও পূর্ণ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
গণতন্ত্রের পথচলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, "স্বৈরাচার ও ফ্যাসিবাদের অন্ধকার শাসন চাপিয়ে দিয়ে গণতন্ত্রের স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করা হয়েছে। রাষ্ট্রকে দুর্বল করে বিদেশি শক্তির কাছে নতজানু করার অপচেষ্টা চলেছে, তবে এ দেশের মানুষ কখনো পরাজয় মানেনি।"
তিনি আরও বলেন, ২৪ জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদের আত্মদান দিয়ে জাতি স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে এবং গণতান্ত্রিক অধিকার ও জাতীয় আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
শহীদদের রক্তের ঋণ শোধ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বলেন, "আমরা দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে একটি আধুনিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবো।"
নতুন প্রজন্মের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, "মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায়, সাহস ও দেশপ্রেমের আদর্শে নিজেদের তৈরি করতে হবে। বর্তমান প্রজন্মের হাত ধরেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ রচিত হবে।"































